সারাদেশ

নওগাঁয় বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহের উদ্বোধন


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৭:৩৫ পিএম

নওগাঁয় বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহের উদ্বোধন
ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁয় সদর উপজেলায় অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে জেলা খাদ্য বিভাগের আয়োজনে নওগাঁ সদর খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা: হোমায়রা মণ্ডল এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ। আরও উপস্থিত ছিলেন সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা, জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি আব্দুল মোতালেব তালুকদার। সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী, চালকল মালিক ও কৃষকরা উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর জেলায় কৃষকদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ করে স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে লটারি করে কৃষক বাছাই করা হবে। বাছাইকৃত কৃষকরা খাদ্যগুদামে ধান দিতে পারবেন। সদর খাদ্যগুদামে প্রতিকেজি ধান ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৯৩৮ টন ধান, ৪৯ টাকা কেজি দরে ২০ হাজার ৯১৯ টন সিদ্ধ চাল, ৪৮ টাকা কেজি দরে ১ হাজার ৮০৩ টন আতপ চাল সংগ্রহ করা হবে। এছাড়া ৩৬ টাকা কেজি দরে ১২৯ টন গম সংগ্রহ করা হবে। উদ্বোধনী প্রথম দিনে কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ২ টন ধান সংগ্রহ করা হয়।