সারাদেশ
আত্মীয়ের বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ মে) দিবাগত রাতে শহরের আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার কলাগাছিয়া এলাকার বাসিন্দা চিন্ময় দাস (৩৮), তার স্ত্রী ইশা দাস (৩২) এবং তাদের আট মাস বয়সী শিশু সন্তান।
পুলিশ সূত্রে জানা গেছে, আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাড়িতে প্রায় তিন বছর ধরে ভাড়া থাকেন ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈ। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার বাসিন্দা।
রোববার বিকেলে চিন্ময় দাস চাচাতো ভাই পরিচয়ে স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে ওই বাসায় যান। পরে দিবাগত মধ্যরাতে মিষ্টি বাড়ৈ পুলিশকে ফোন দিলে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার সময় পাশের কক্ষে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তিনিই পুলিশকে বিষয়টি অবহিত করেছেন। এটি হত্যা নাকি আত্মহত্যা— তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মিষ্টি বাড়ৈকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে বলেও জানান তিনি।
পরে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।