সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ঝরে গেল ৫ প্রাণ, আম কুড়াতে গিয়ে তিনজনের মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৮:২৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ঝরে গেল ৫ প্রাণ, আম কুড়াতে গিয়ে তিনজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সময় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়। সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার মো. রাব্বিলের ছেলে আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ি বাজারপাড়ার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলীর ছেলে মো. মেসবাউল এবং নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার তিনজনই বাড়ির পাশের আমবাগানে মারা যান। বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে তারা বজ্রপাতে প্রাণ হারান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

অন্যদিকে সদর উপজেলার আতাহার এলাকায় বৃষ্টির সময় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন আব্দুল্লাহ। স্থানীয়রা তাকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন।

এছাড়া নাচোল উপজেলার লাহপাড়া এলাকায় মাঠে ঘাস কাটতে গিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হন সুমিয়ারা বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকোমল চন্দ্র দেবনাথ।

সদর ও নাচোল উপজেলায় নিহতদের পরিবারকেও ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।