সারাদেশ
টাঙ্গাইলে স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৩২ শিক্ষার্থী অসুস্থ
টাঙ্গাইলের নাগরপুরে বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে ৩২ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, সকাল সোয়া ১০টার পর যখন শিক্ষার্থীরা ক্লাশে যাচ্ছিল, ঠিক ওই সময়ে অনেকেই বমি করতে থাকে। পরে ৩২ জনকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে মেয়ে শিক্ষার্থীর সংখ্যাই বেশি। অন্য শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তিনি আরও বলেন, টিউবওয়েলের পাশ থেকে পলিথিনে ভরা সাদা পেস্টের মতো ক্রিম উদ্ধার করা হয়েছে। আমার ব্যক্তিগত ধারণা এই পেস্ট টিউবওয়েলের পানির মধ্যে মেশানোর কারণে বিষক্রিয়া হয়েছে।
এ ঘটনায় নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, আমরা স্কুল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালে যারা ভর্তি রয়েছে, তারা অনেকটাই সুস্থ।