সারাদেশ

১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন 


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৬ এএম

১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন 
ছবিঃ সংগৃহীত

১৬ জুলাইকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশসহ অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করছে বিজিবি।

গতকাল বুধবার (১৫ জুলাই) সকাল থেকেই গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেছেন। পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জেলা প্রশাসন সূত্র জানায়, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পাঁচজন নিহত হন।

প্রশাসনের ভাষ্য, অতীতের সেই ঘটনার প্রেক্ষাপটে এবারও ১৬ জুলাইকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা বিবেচনায় নিয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।