সারাদেশ

বিয়ের পরদিনই মসজিদে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ, শোক সহ্য করতে না পেরে মামার মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:৩৮ পিএম

বিয়ের পরদিনই মসজিদে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ, শোক সহ্য করতে না পেরে মামার মৃত্যু
ছবি: সংগৃহীত

নীলফামারীর ডিমলা উপজেলায় বিয়ের মাত্র একদিন পর মসজিদ থেকে আব্দুল মালেক (২৫) নামের এক মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শোকাহত হয়ে মরদেহ দেখতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন তার মামা আহিদুল ইসলাম (৪০)।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের মুনাকাশা কাকড়া চৌপতি জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল মালেক মুনাগাছা গ্রামের মৃত নুরুল হকের ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার বাবা-মা আগেই মারা গেছেন।

জানা গেছে, মালেক চলমান আলিম পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। পাশাপাশি প্রায় পাঁচ বছর ধরে ওই মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এরই মধ্যে মঙ্গলবার একই গ্রামের জিকরুল হোসেনের মেয়ের সঙ্গে তার বিয়ে হয়।

এরপর বুধবার দিবাগত রাতে স্থানীয় মুসল্লিরা মসজিদের ভেতরে ছাদের কাঠামোর সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ভাগনের এমন মৃত্যুতে শোকাহত হয়ে পড়েন তার মামা আহিদুল ইসলাম। পরে মরদেহ দেখতে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি। গুরুতর অবস্থায় তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।