সারাদেশ

ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ইস্যুতে চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের সংবাদ সম্মেলন


প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:৩১ পিএম

ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ইস্যুতে চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের সংবাদ সম্মেলন
ছবিঃ ঢাকা প্রকাশ

ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশকে ঘিরে চলমান বিরোধের মধ্যে আলিম লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে চুয়াডাঙ্গা জেলা ওলামা দল। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দ্রুত চালুর দাবি জানিয়ে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, একটি মহল প্রতিষ্ঠানটি দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি কাজী আবুল হাসনাত মো. শাফি।

লিখিত বক্তব্যে দাবি করা হয়, আলিম লস্কর ধর্মীয় পরিচয় ও পোশাককে ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল এবং অবৈধ আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি তাবলিগ জামাতের নাম ব্যবহার করে সাধারণ ধর্মপ্রাণ মানুষের আস্থা অর্জনের চেষ্টার অভিযোগও তোলা হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অতীতে হানুরবাড়াদী এলাকায় ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির জমি-সংক্রান্ত যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তার সঙ্গে আলিম লস্কর ও তার সহযোগীরা জড়িত ছিলেন। বক্তাদের দাবি, একটি চক্র বিশ্ববিদ্যালয়টি দখল এবং এর শিক্ষা কার্যক্রম স্থায়ীভাবে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন বলেন, তাদের মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করা এবং প্রতিষ্ঠানটিকে দখলচেষ্টা থেকে রক্ষা করা। তিনি অভিযোগ করেন, আলিম উদ্দিন লস্কর বিশ্ববিদ্যালয়ের সামনে ও চৌরাস্তা মোড়ে সংবাদ সম্মেলন করে নিজেকে প্রতিষ্ঠানের মালিক দাবি করছেন, যা তারা প্রত্যাখ্যান করছেন। দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি বলেন, ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি চুয়াডাঙ্গার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। কোনো মহল যদি এটি দখলের চেষ্টা করে, তা মেনে নেওয়া হবে না। তিনি দ্রুত সংকটের সমাধান করে শিক্ষা কার্যক্রম চালুর পাশাপাশি প্রতিষ্ঠানটির উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মাহাবুবুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া স্বপন, সদর উপজেলা ওলামা দলের সভাপতি মো. রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শরিফুজ্জামান সুমন, আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মো. শাহ কলম, দামুড়হুদা উপজেলা ওলামা দলের সভাপতি মো. আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুসসহ জেলা, পৌর ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।