সারাদেশ

টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মক ড্রিল


প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৬:১২ পিএম

টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মক ড্রিল
ছবিঃ ঢাকা প্রকাশ

‘দুর্ঘটনা-দুর্যোগে, সবার পাশে-সবার আগে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও অনসাইট পেশেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক মক ড্রিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৯ আগস্ট) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এ মক ড্রিল অনুষ্ঠিত হয়। হাসপাতাল কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন স্টেকহোল্ডারের বাস্তবায়নে এবং জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টাঙ্গাইলের সহকারী পরিচালক এনায়েত হোসেন, টাঙ্গাইল মেডিকেল কলেজের পরিচালক আব্দুল কুদ্দুস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আক্তারুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মক ড্রিলে অগ্নিকাণ্ড বা আকস্মিক দুর্যোগের সময় রোগী, স্বজন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেওয়া, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং জরুরি পরিস্থিতিতে অনসাইট রোগী ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়।

বক্তারা বলেন, এ ধরনের মহড়ার মাধ্যমে আকস্মিক দুর্ঘটনা বা দুর্যোগের সময় হাসপাতালের জরুরি প্রস্তুতি ও উদ্ধার সক্ষমতা যাচাই করা সম্ভব হবে। পাশাপাশি দুর্যোগকালীন পরিস্থিতিতে বিভিন্ন সংস্থা ও স্টেকহোল্ডারের মধ্যে সমন্বিতভাবে কাজ করার সক্ষমতা বাড়বে এবং রোগীদের দ্রুত ও নিরাপদে জরুরি চিকিৎসাসেবা দেওয়ার প্রস্তুতি আরও জোরদার হবে।