সারাদেশ
যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ৩ জনকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে তিনজনকে সাড়ে ৪ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দী এলাকার বাগানবাড়ী নামের একটি অবৈধ বালুঘাটে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছালাম (৪৫), চান মিয়া (৪০) ও রফিক (৪৮) নামে তিন শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
দণ্ডপ্রাপ্ত ছালাম উপজেলার নিকরাইল ইউনিয়নের পলশিয়া গ্রামের বাসিন্দা। চান মিয়ার বাড়ি পুনর্বাসন গ্রামে এবং রফিক কাওয়াখোলা গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। এতে নদীপাড়ের মানুষের বসতভিটা ও ফসলি জমি নদীভাঙনের ঝুঁকিতে পড়ছিল এবং স্থানীয়রা ব্যাপক ক্ষতির মুখে পড়ছিলেন।
অভিযানে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম, উপপরিদর্শক (এসআই) লাল মিয়াসহ স্থানীয় নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে বাগানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে সাড়ে ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।