সারাদেশ

কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, জানালার কাচ ভেঙে রক্ষা পেলেন ৩০ যাত্রী


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৯:৪৭ এএম

কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, জানালার কাচ ভেঙে রক্ষা পেলেন ৩০ যাত্রী
ছবি: সংগৃহীত

কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কক্সবাজারের রামু উপজেলার কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন। স্থানীয়দের সহযোগিতায় জানালার কাচ ভেঙে দ্রুত তাদের বের করে আনা হয়। এতে কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে বাসটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর ভেতরে পোড়া গন্ধ পাওয়া যায়। পরে যাত্রীরা আগুন দেখতে পান। এ সময় বাসের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে এসে জানালার কাচ ভেঙে যাত্রীদের একে একে বের করে আনেন।

পরে বাসের ভেতরে থাকা যাত্রীদের মালামালও বের করে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরিবারের সাত সদস্যসহ কক্সবাজারে বেড়াতে আসা যাত্রী সোহেল রানা বলেন, স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত জানালার কাচ ভাঙতে পারায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

আরেক যাত্রী মোহাম্মদ আলী বলেন, ‘প্রথমে পোড়া গন্ধ পাই, পরে আগুন দেখতে পাই। তবে শুরুতে চালক বা সহকারী কেউ কিছু জানাননি। ভাগ্য সহায় ছিল, বেঁচে গেছি।’

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. আবদুল কাদের চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি এবং ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হতে পারে।

রামু হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক মোহাম্মদ পারভেজ জানান, খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। কাছাকাছি অবস্থানে থাকায় দ্রুত সেখানে গিয়ে যাত্রীদের নিরাপদে বাস থেকে বের করে আনা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট বাস কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, পরে যাত্রীদের বিকল্প ব্যবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।