সারাদেশ

৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরাহ করাতে সৌদি পাঠালেন বাবর


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরাহ করাতে সৌদি পাঠালেন বাবর
ছবি: সংগৃহীত

নিজ নির্বাচনি এলাকা নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৭ জন নেতাকর্মীকে নিজস্ব অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরব পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

বাবরের উদ্যোগ ও অর্থায়নে এসব নেতাকর্মীর ওমরাহ পালনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী। তিনি জানান, নেতাকর্মীদের ধর্মীয় অনুশাসনের প্রতি আরও আগ্রহী ও অনুপ্রাণিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৭ সদস্যের দলটি সৌদি আরবের উদ্দেশে রওনা হয়। তবে লুৎফুজ্জামান বাবর নিজে এই দলের সঙ্গে সৌদি আরব যাচ্ছেন না।

মির্জা মো. হায়দার আলী জানান, বাবরের নিজস্ব অর্থায়নে তার নির্বাচনি এলাকার মোহনগঞ্জ উপজেলার ১৮ জন, মদন উপজেলার ১৭ জন এবং খালিয়াজুরী উপজেলার ১১ জন নেতাকর্মীকে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়া হয়েছে। তিনি নিজেও এই দলের সঙ্গে সৌদি আরব যাচ্ছেন।

মোহনগঞ্জ উপজেলা থেকে যাওয়া ১৮ জনের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, সাবেক পৌর মেয়র মাহাবুবুন্নবী শেখ, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার এবং উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিবসহ আরও কয়েকজন।

মদন উপজেলা থেকে ওমরাহ পালনের উদ্দেশে যাওয়া ১৭ জনের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং ছাত্রদলের সভাপতি শামীম হাসানসহ অন্যরা।

খালিয়াজুরী উপজেলা থেকে যাওয়া ১১ জনের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন, যুবদলের আহ্বায়ক এনামুল হক ছুটন, সদস্যসচিব রাজিব হোসেন পলাশ, ছাত্রদলের সভাপতি মাজহারুল হক পলিন ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত হৃদয়সহ আরও কয়েকজন।

এ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের মদন উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেনও এই দলে রয়েছেন।

এ উদ্যোগের বিষয়ে খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন বলেন, এতজন নেতাকর্মীকে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ায় তারা কৃতজ্ঞ। এটি তাদের জন্য একটি বিশেষ সুযোগ বলেও উল্লেখ করেন তিনি।

মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন বলেন, লুৎফুজ্জামান বাবরের উদ্যোগে তারা ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন। এ জন্য তিনি বাবরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, এলাকার নেতাকর্মীদের ধর্মীয় অনুশাসনের প্রতি উদ্বুদ্ধ করতেই তিনি এ ধরনের উদ্যোগ নিয়েছেন। পর্যায়ক্রমে আরও যারা রয়েছেন, তাদেরও ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষের চিন্তা-চেতনা ও ধর্মীয় মূল্যবোধের প্রতি আগ্রহ বাড়বে বলে তিনি মনে করেন। আখিরাতের কথা চিন্তা করেই তিনি এই কাজ করেছেন এবং ভবিষ্যতে আরও নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।