সারাদেশ

দিনাজপুরে শিশু হত্যা ও পাচার বন্ধের দাবিতে মানববন্ধন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম

দিনাজপুরে শিশু হত্যা ও পাচার বন্ধের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে শিশু নিখোঁজ, অপহরণ, পাচার ও হত্যার ঘটনার প্রতিবাদে এবং এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। নবজীবন নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, অভিভাবক, শিক্ষক, সমাজকর্মী ও সংগঠনের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখোঁজ, অপহরণ ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে সামনে আসছে। এসব ঘটনায় শিশু ও অভিভাবকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। নিখোঁজ শিশুদের দ্রুত শনাক্ত করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনার পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, শিশুদের অপহরণ ও পাচার রোধে শুধু ঘটনার পর ব্যবস্থা গ্রহণ করলেই হবে না; এর পেছনে থাকা চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে শিশু নিখোঁজের প্রতিটি ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন নবজীবন নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রওশন আরা, দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল, অভিভাবক মো. সাখাওয়াতুল কবির চৌধুরী, মনিরা খানম, নাসিমা খাতুন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাখায়াতুল কবির চৌধুরী, নবজীবন শিশু বিকাশ কেন্দ্রের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, সমাজকর্মী মকিদ হায়দার শিপন, সহকারী শিক্ষক শামীমা আকতারসহ আরও অনেকে।

বক্তারা শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিশুদের প্রতি সহিংসতা, অপহরণ ও পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

কর্মসূচিতে নবজীবন নারী উন্নয়ন সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্য, শিশু বিকাশ কেন্দ্রের সংশ্লিষ্ট ব্যক্তি এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।