সারাদেশ

পাবনায় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল স্থানীয়রা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১১:৪৯ পিএম

পাবনায় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল স্থানীয়রা
ছবি: সংগৃহীত

পাবনার বেড়া মডেল থানার সামনে থেকে পুলিশের হেফাজত থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে থানা সংলগ্ন কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আয়নুল হকের ছেলে। তিনি বেড়া পৌর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের সহকারী উপপরিদর্শক সোহেল রানা ও উপপরিদর্শক রাশেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়ার পথে স্থানীয় কয়েকজনের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ধস্তাধস্তিতে রূপ নেয়। এ সময় স্থানীয়দের একটি অংশ পুলিশের কাছ থেকে সোহেল রানাকে নিয়ে যায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হলেও স্থানীয়দের বাধার মুখে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। তার দাবি, আসামিকে ছিনিয়ে নেওয়া হয়নি, বরং তিনি পালিয়ে গেছেন। তাকে পুনরায় গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় যারা পুলিশের কাজে বাধা দিয়েছে, তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।