সারাদেশ
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৬০) নামে এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই দিন সকাল ৯টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফিরোজা বেগম গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সরকারি সফরে ঢাকা থেকে নিজের নির্বাচনি এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। এ সময় তাঁর সঙ্গে গাড়িতে স্ত্রীও ছিলেন।
সকাল ৯টার দিকে প্রতিমন্ত্রীর গাড়িটি গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে পৌঁছালে হঠাৎ ফিরোজা বেগম নামের ওই শ্রবণপ্রতিবন্ধী নারী গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক গাড়িটি রাস্তার পাশের ধানখেতে নামিয়ে দেন।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রীও আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তিনি নিজ বাড়িতে ফিরে যান।
অন্যদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত ফিরোজা বেগমকে প্রথমে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।