সারাদেশ
বাউলদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কাণ্ড: মির্জা ফখরুল
বাউল শিল্পীদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাকে উগ্র ধর্মান্ধদের ভয়ঙ্কর কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বাউলদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা। তিনি জানান, বাউলরা বাংলাদেশের চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ, যারা গ্রামবাংলার মাঠে-ঘাটে গান গেয়ে মানুষের মননে সংস্কৃতির আলো ছড়িয়ে দেন। তাদের ওপর আঘাতকে তিনি ‘উগ্র ধর্মান্ধদের হামলা’ হিসেবে বর্ণনা করেন এবং ঘটনাটির তীব্র নিন্দা জানান।
তিনি আরও বলেন, এ ধরনের সহিংসতা কারোরই কাম্য নয়। এ ঘটনার সঠিক তদন্তের প্রয়োজন আছে- কে বা কারা এর সঙ্গে জড়িত তা বের করে তাদের আইনের আওতায় আনতে হবে।
একই অনুষ্ঠানে রাজধানীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের দুর্দশা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ওইসব বস্তিতে হাজার হাজার দরিদ্র মানুষ থাকে। ব্যক্তিগত উদাহরণ দিয়ে তিনি জানান, তার বাসার কর্মচারী যে মহিলা রান্না করেন, তার পুরো ঘরবাড়ি পুড়ে গেছে। এ ঘটনাকে তিনি নিঃস্ব মানুষের ওপর ‘চরম আঘাত’ হিসেবে উল্লেখ করেন এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।
অগ্নিকাণ্ড নিয়ে সাংবাদিকরা ষড়যন্ত্রের কোনো আশঙ্কা আছে কি না জানতে চাইলে মির্জা ফখরুল সেই সম্ভাবনা নাকচ করে বলেন, এসব ঘটনা দুর্ভাগ্যজনকভাবে ঘটছে। তার মতে, গার্মেন্টস বা শিল্প এলাকাগুলোতে দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলা, দুর্বল অবকাঠামো, যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাব এবং আইন না মানা- এসব কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা বারবার ঘটছে।
তিনি মনে করেন, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা গেলে এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা কার্যকর হলে এসব দুর্ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।
এর আগে জেলা বিএনপির কার্যালয় উদ্বোধনকালে জেলা সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।