সারাদেশ

বিপৎসীমা ছাড়িয়েছে তিস্তার পানি, পানি ঢুকছে নিম্নাঞ্চলে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৮:৩২ পিএম

বিপৎসীমা ছাড়িয়েছে তিস্তার পানি, পানি ঢুকছে নিম্নাঞ্চলে
ছবি: সংগৃহীত

টানা কয়েকদিনের ভারী বৃষ্টি এবং উজানের ঢলে আবারও পানি বেড়েছে তিস্তা নদীতে। এর প্রভাবে নীলফামারীর তিস্তা তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু হয়েছে। এতে নদীসংলগ্ন এলাকার মানুষের মধ্যে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৮ সেন্টিমিটার। সেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার হওয়ায় নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। একই সঙ্গে জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাও পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে।

টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন জানান, তিস্তার পানি বেড়ে ইতোমধ্যে নিম্নাঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, সন্ধ্যা ৬টার হিসেবে তিস্তার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতের দিকে পানি আরও বাড়তে পারে, তবে সকালে তা কমে আসার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যের ভিত্তিতে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানিয়েছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। পাশাপাশি বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, তা আরও কিছুটা অবনতির আশঙ্কাও রয়েছে।