সারাদেশ
সিলেটে বালু-পাথর চুরির মামলায় ইউপি চেয়ারম্যান আটক
সিলেটের কোম্পানীগঞ্জে বালু-পাথর চুরির মামলায় পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোররাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, ২০২৪ সালে দায়ের করা একটি মামলায় আলমগীর হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই মামলায় অভিযোগ করা হয়েছিল, গত বছরের ৫ আগস্টের পর সাদাপাথর এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনে জড়িত ছিলেন তিনি। সেই সময় সেনাবাহিনী তার একটি নৌকা জব্দ করে তাকে সতর্কও করেছিল। এরপর থেকে তিনি ওই এলাকায় আর নৌকা পাঠাননি বলেও জানা যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন চন্দ্র কর্মকার জানান, "পুরনো একটি মামলায় আদালতের ওয়ারেন্ট অনুযায়ী আলমগীর হোসেনকে ডিবি পুলিশ আটক করে। পরে তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। আমরা তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।"