সারাদেশ
জামিন পেলেন বৈষম্যবিরোধীর নেতা মাহদী হাসান
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান জামিন পেয়েছেন।
রোববার (সকাল) হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৮টার দিকে মাহদী হাসানকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে সকাল ১০টার দিকে অনুষ্ঠিত জামিন শুনানি শেষে আদালত তার জামিন আবেদন গ্রহণ করেন।
এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সংগঠনটির শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা মাহদী হাসানের দ্রুত মুক্তির দাবিতে রাতেই আদালত বসিয়ে জামিন শুনানি আয়োজনের দাবি জানান। তবে রাতে আদালত না বসায় তাকে রোববার সকালে আদালতে হাজির করা হয়।
অবশেষে জামিন মঞ্জুর হওয়ায় সংগঠনের নেতাকর্মীরা স্বস্তি প্রকাশ করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য এখনো পাওয়া যায়নি।