সারাদেশ
‘আপা’ ডাকার জন্যে নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে বনফুলকে জরিমানা: ইউএনও
সিলেটের ওসমানীনগরে বনফুল অ্যান্ড কোম্পানির একটি শোরুমকে ৫০ হাজার টাকা জরিমানা করাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিভিন্ন পোস্ট ও কিছু গণমাধ্যমে দাবি ওঠে, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ‘আপা’ বলে সম্বোধন করায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। তবে প্রশাসন এ অভিযোগ সরাসরি নাকচ করেছে।
বৃহস্পতিবার (৪ জুন) ওসমানীনগর উপজেলা পরিষদে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা জানান, জরিমানার সঙ্গে ‘আপা’ সম্বোধনের কোনো সম্পর্ক নেই। বাসি ও নিম্নমানের মিষ্টি বিক্রি, চালানে অসংগতি এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে অসহযোগিতার কারণেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, স্থানীয়ভাবে একাধিক অভিযোগ পাওয়ার পর গত ২৯ মে সাধারণ ক্রেতা সেজে তাজপুর বাজারের বনফুল শোরুমে যান। সেখানে মিষ্টির মান ও উৎপাদনের সময় নিয়ে প্রশ্ন করলে কর্মচারীরা ভিন্ন ভিন্ন তথ্য দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের দল উপস্থিত হলে চালানপত্রের তথ্যের সঙ্গে বিক্রির জন্য রাখা মিষ্টির মিল পাওয়া যায়নি।
ইউএনওর ভাষ্য অনুযায়ী, কয়েকজন কর্মচারী স্বীকার করেছেন যে পুরোনো মিষ্টি নতুন মিষ্টির সঙ্গে মিশিয়ে রাখা হয়েছিল। এছাড়া অভিযানের সময় এক কর্মচারী দোকান ছেড়ে চলে যান এবং পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এসব অনিয়ম বিবেচনায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
‘আপা’ সম্বোধনের প্রসঙ্গে মুনমুন নাহার আশা বলেন, “অনেকেই আমাকে আপা বলে ডেকেছেন, এটি কোনো বিষয় নয়। আমি দায়িত্ব পালন করতে এসেছি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে।”
এ ঘটনায় জেলা প্রশাসক মো. সারওয়ার আলমও প্রশাসনের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানান, জরিমানার সিদ্ধান্তের পর কিছু কর্মচারী ক্ষমা চাইতে গিয়ে ‘আপা’ বলে সম্বোধন করেছিলেন, যা পরে বিকৃতভাবে প্রচার করা হয়েছে।
অন্যদিকে, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন বলেন, বিষয়টি খোঁজ নিয়ে বাসি মিষ্টি বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে সংশ্লিষ্টদের বক্তব্যে উঠে এসেছে।
প্রশাসনের দাবি, খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘আপা’ সম্বোধনের কারণে জরিমানার অভিযোগকে ভিত্তিহীন বলেও উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।