সারাদেশ

মোবাইল চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:২৮ এএম

মোবাইল চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে আটক করে মাথা ন্যাড়া করার পাশাপাশি তাতে আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে নকশা আঁকার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালীগঞ্জ বাজারে সম্প্রতি এক ব্যবসায়ীর মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে। এ ঘটনার পর সন্দেহভাজন হিসেবে এক যুবককে আটক করেন স্থানীয়রা।

পরে তাকে জনসমক্ষে এনে মাথার চুল কেটে ন্যাড়া করা হয়। শুধু তাই নয়, তার মাথায় আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে বিশেষ নকশাও আঁকা হয়। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় দেখা যায়।

ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অনেকেই এ ধরনের কর্মকাণ্ডকে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা হিসেবে উল্লেখ করেছেন।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, বাঘাসুরা ইউনিয়নে মাদক ও অপরাধবিরোধী সচেতনতামূলক সমাবেশের মাধ্যমে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তাকে পুলিশের কাছে সোপর্দ করতে হবে।

তিনি আরও বলেন, অপরাধ দমনে জনসচেতনতা গুরুত্বপূর্ণ হলেও বিচার ও শাস্তি দেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের। এ ঘটনায় খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।