সারাদেশ
সিলেটে ভয়াবহ বাস দুর্ঘটনা: প্রাণ হারালেন বাউলশিল্পী পেহেলী ভৈরবী
সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কিশোরগঞ্জের জনপ্রিয় বাউলশিল্পী পেহেলী ভৈরবীও রয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাতটার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন- সিলেট নগরের সোবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২), ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের মেয়ে খোজাইফা (৪), কিশোরগঞ্জের কুলিয়ারচরের ঠিকাদার সাইফুল ইসলাম এবং ভৈরব উপজেলার বাউলশিল্পী পেহেলী ভৈরবী। তারা সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, সিলেটে একটি বাউল গানের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন পেহেলী ভৈরবী।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, সকাল সাড়ে সাতটার দিকে দয়ামীর বাজারসংলগ্ন কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন যাত্রী আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।