সারাদেশ
সিলেটের দুর্ঘটনায় জড়িত দুই বাসের লাইসেন্স বাতিল
সিলেটের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহতের ঘটনায় জড়িত দুইটি বাসের লাইসেন্স বাতিল করা হয়েছে। একই সঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে চালকদের উপস্থিতিসহ ঘটনার লিখিত ব্যাখ্যা দিতে বাস মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এই শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করে।
বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির সিলেটের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্ট শাখাগুলোকে অবহিত করা হয়। পরে ঢাকা মেট্রো শাখা থেকে বেঙ্গল ও ইউনিক পরিবহনের বাস দুটির লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হয়। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও চালকদের উপস্থিত নিশ্চিত করে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৯ জন নিহত হন। এ ঘটনায় অন্তত ২৪ জন গুরুতর আহত হয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতি অথবা চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
দুর্ঘটনার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের তাৎক্ষণিক সহায়তা হিসেবে ১০ হাজার টাকা (আইসিইউতে থাকা একজনকে ১৫ হাজার টাকা) এবং নিহতদের দাফন-কাফনের জন্য পরিবারপ্রতি ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নিহতদের পরিবারপ্রতি ৫ লাখ টাকা, পঙ্গুত্ববরণকারীদের ৩ লাখ টাকা এবং আহতদের ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।