সোশ্যাল মিডিয়া
রিপন মিয়ার প্রাণ খোলা হাসির পেছনের গল্প (ভিডিও)
‘হ্যালো বন্ধুরা, আই এম রিপন ভিডিও’—ফেসবুকে কয়েক বছর আগে এই ডায়লগ শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দায়।
নকল হাসি, ভন্ডামি আর ফিল্টার ভরা কনটেন্টের ভিড়ে একেবারে সাধারণ, সরল এক তরুণ হুট করেই সবার প্রিয় হয়ে উঠলেন। তিনি রিপন মিয়া। যাকে আমরা সবাই চিনি রিপন ভিডিও নামে।
‘আমার একটা রিপন মিয়ার মত জীবন চাই’—শহরে যান্ত্রিকতায় ক্লান্ত অনেকেই কি এমন ভাবছেন? আমরা জানি না। তবে যে জীবন ফরিংয়ের, মানুষের সাথে তার হয় নাকো দেখা। শিক্ষিত মধ্যবিত্তে এমন আফসোস প্রায়ই শোনা যায়। কিন্তু কনটেন্ট ক্রিয়েটর রিপন কোন জীবনের দেখা পেলেন? যে জীবনে চিন্তা কম টেনশন নেই।
আর আছে অফুরন্ত সুখ? রিপনের মধ্যে এই জীবনটা আছে। এমনটা বলাই যায়।
দুদিন আগে এক পডকাস্টে রিপন মিয়া নিজেই খুলে বলেছেন এমন কিছু কথা যার থেকে তারও একটা জীবন দর্শন ধরা পড়ে। শহরে মানুষের লাখ লাখ টাকা থাকলেও রাতে শান্তিতে ঘুমাতে পারে না।
আর তিনি সারাদিন কাঠমিস্ত্রীর কাজ করে যে শান্তির ঘুম দেন তা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়। এই হচ্ছে রিপন মিয়ার সোজা সাপ্টা ভাবনা।
রিপন মনে করেন সুখের পিছনে ছুটলে তাকে পাওয়া যায় না বরং চাইতে হবে কম অল্প পেলেও শুকরিয়া থাকতে হবে স্রষ্টা যা দিয়েছেন তা নিয়েই সন্তুষ্ট থাকতে পারলে জীবনের প্রতিটা মুহূর্তই সুন্দর।
রিপন মিয়ার প্রাণ খোলা হাসির পেছনেও কি বেদনার কোন গল্প নেই? ভালোবাসার আঘাত বা অপূর্ণতা নেই? পডকাস্টে তিনি বলেছেন, তারও জীবনে প্রেম এসেছিল। তুমি দেবে কিছু আমি দেব কিছু। তা থেকে জন্ম নেবে ছোট্ট একটা শিশু। এমন ভাবনা ও বিশ্বাসে রিপন ছেঁকাও খেয়েছেন, তবে ভেঙে পড়েননি। একটা মেয়ে চলে গেছে তো কি হয়েছে এমন কাজ করব যেন আরো ১০ টা মেয়ে পেছনের লাইন ধরে- এই হচ্ছে রিপন মিয়া। হোঁচট খাওয়ার জায়গায় উঠে দাঁড়াতে হবে, এই জেদ আর আত্মবিশ্বাস থেকেই শুরু হয় তার ভিডিও বানানোর যাত্রা।
কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার ভিডিও নিয়ে মুগ্ধতার কথা বলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। সম্প্রতি এক আলাপচারিতায় খোলাখুলি প্রশংসা করে তিশা বলেন, ‘এতো সুন্দর ভ্লগ আমি আমার লাইফে কখনো দেখিনি। আমি জাস্ট এই লোকটাকে ভালোবাসি।
অভিনেতা ইরফান সাজ্জাদ বলেছেন, রিপন মিয়া মতে “কাফনের কাপড়ে পকেট থাকে না”! বুঝতে পারছেন কত গভীর এ কথাটা ?? না বুঝলে বোঝার চেষ্টা করেন ,জীবনটা সহজ হয়ে যাবে রিপন মিয়ার মত ।
আর এভাবেই সবার সুখের আইডল বনে যাচ্ছেন রিপন, এখন অনেকেই তার মত নির্ভেজাল ও নির্মল জীবনের স্বপ্ন দেখে।