খেলা

বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১০:৫৪ পিএম

বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে জয় দিয়ে সিরিজ শুরু করল স্বাগতিক শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (১০ জুলাই) ক্যান্ডিতে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৫৫ রানের লক্ষ্য অনায়াসেই পেরিয়ে যায় লঙ্কানরা। জয়ের নায়ক ছিলেন কুশল মেন্ডিস, ৫১ বলে ৭৩ রানের ইনিংসে ছড়িয়েছেন বাউন্ডারির বৃষ্টি।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল ঝলমলে। তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন প্রথম ৫ ওভারে তুলে ফেলেন ৪৬ রান। কিন্তু এরপর দ্রুত উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে সফরকারীরা।

১৭ বলে ১৬ রান করে তানজিদ বিদায় নেন। তার পরে নামা লিটন দাস নিজের বাজে ফর্মের ধারাবাহিকতায় ১১ বলে ৬ রান করে ধুঁকতে ধুঁকতে ফিরে যান। ওপেনার পারভেজ ইমন কিছুটা লড়াই করেন, ২২ বলে ৫টি চারে ও একটি ছক্কায় ৩৮ রান করেন, যা ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ।

SL_win1_Dhakaprokash.jpg

মাঝের ওভারে দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজ ইনিংস মেরামতের চেষ্টা করেন, তবে রান ছিল মন্থর। নাঈম ২৯ বলে ৩২ আর মিরাজ ২৩ বলে ২৯ রান করেন। শেষ দিকে শামীম হোসেন ৫ বলে ১২ রানে কিছুটা গতি আনেন ইনিংসে। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ তোলে ৬ উইকেটে ১৫৪ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে লঙ্কানরা। পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস মাত্র ৪.৪ ওভারে তুলেন ৭৪ রান—তাতেই ম্যাচ কার্যত শেষ! ১৬ বলে ৪২ রান করে ঝড় তুলে আউট হন নিশাঙ্কা। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা।

তিনে নামা কুশল পেরেরা ২৫ বলে ২৪ রান করেন। তবে আরেক ওপেনার কুশল মেন্ডিস ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত। ৫১ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় করেন অপরাজিত ৭৩ রান। তার ব্যাটেই ১৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে স্বাগতিক শ্রীলঙ্কা।