খেলা
ব্যাটিং বিপর্যয়ে ৭৪ রানে হার, শেষ ম্যাচে ব্যর্থ টাইগাররা
প্রথম দুই ম্যাচে দাপুটে পারফরম্যান্সে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে যেন চেনা ছন্দে দেখা গেল না টাইগারদের। ব্যাট হাতে হতশ্রী পারফরম্যান্সে ৭৪ রানের বড় ব্যবধানে হার মানল স্বাগতিকরা। পাকিস্তানের ছুড়ে দেওয়া ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৪ রানেই গুটিয়ে যায় লিটন দাসের দল।
বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

পাকিস্তানের দুই ওপেনার সাঈম আইয়ুব ও উসমান খান ফারহান আক্রমণাত্মক সূচনা এনে দেন দলকে। উদ্বোধনী জুটিতে তারা ৪৭ বলে যোগ করেন ৮৭ রান। ১৫ বলে ২১ রান করে আইয়ুব ফিরলেও ফারহান ছিলেন একেবারে আগ্রাসী মেজাজে। মাত্র ২৯ বলে ফিফটি তুলে নিয়ে শেষ পর্যন্ত ৬৩ রান করে নাসুম আহমেদের শিকার হন এই ডানহাতি ব্যাটার।
মিডল অর্ডারে হাসান নওয়াজের ১৭ বলে ৩৩ রান এবং মোহাম্মদ নওয়াজের ঝোড়ো ১৬ বলে ২৭ রানে ভর করে পাকিস্তান পৌঁছে যায় ১৭৮ রানে। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

জবাবে ব্যাট করতে নেমে একেবারেই ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। এরপর একে একে ফিরে যান লিটন (৮), মিরাজ (৯), জাকের আলি (১), মাহেদী (০), শামিম হোসেন (৫) ও নাঈম শেখ (১০)। মাত্র ৩৪ রানেই হারায় ৬ উইকেট।
শেষদিকে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু এক প্রান্তে যখন আসা-যাওয়ার মিছিল, তখন তার ৩৪ বলের ৩৫ রানের ইনিংস ছিল কার্যত একা লড়াই। ইনিংসটি সাজানো ছিল তিনটি চার ও এক ছক্কায়।
পাকিস্তানের হয়ে সালমান মির্জা তুলে নেন ৩ উইকেট। ফাহিম আশরাফ ও মোহাম্মদ নওয়াজ পান দুটি করে উইকেট।
শেষ ম্যাচে এমন ব্যর্থতা সত্ত্বেও সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।