খেলা

পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে হাত মেলানো উচিত নয়: হরভজন সিং


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৪৩ পিএম

পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে হাত মেলানো উচিত নয়: হরভজন সিং
হরভজন সিং। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্কের উত্তাপ ক্রিকেট মাঠেও যেন ছায়া ফেলেছে। সাবেক ভারতীয় ক্রিকেটার হরভজন সিং মনে করেন, কেবল ম্যাচ খেলা নয় এমনকি পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোও উচিত নয়।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে হরভজন বলেন, যতদিন সীমান্তে ভারতীয় সেনারা প্রাণ দিয়ে দেশের সুরক্ষা নিশ্চিত করছেন, ততদিন পাকিস্তানের সঙ্গে খেলাধুলার কোনো সম্পর্ক রাখা ঠিক নয়।

তিনি বলেন, “আমাদের সেনারা সীমান্তে দাঁড়িয়ে দেশের জন্য জীবন উৎসর্গ করছেন। অনেকেই আর বাড়ি ফিরতে পারেন না। সেই ত্যাগের সামনে ক্রিকেট খেলা কিছুই নয়। একটি ম্যাচ না খেললেও চলবে, দেশের স্বার্থ সবার আগে।”

harbhajan singh1_Dhakaprokash.jpg

দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ। বর্তমানে দুই দল কেবল এশিয়া কাপ বা আইসিসির বৈশ্বিক আসরেই একে অপরের মুখোমুখি হয়। তবে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত একটি সাম্প্রতিক প্রতিযোগিতায় পাকিস্তানের বিপক্ষে খেলা থেকে বিরত ছিল ভারতীয় দল। সেমিফাইনালেও প্রতিপক্ষ পাকিস্তান হওয়ায় খেলেনি তারা। সেই দলের অংশ ছিলেন হরভজন সিং নিজেও।

হরভজন স্পষ্ট ভাষায় জানান, “রক্ত আর ঘাম একসঙ্গে বইতে পারে না। সীমান্তে যদি উত্তেজনা চলতেই থাকে, তাহলে মাঠে খেলার প্রশ্নই ওঠে না। যতদিন না রাজনৈতিক সমস্যার সমাধান হচ্ছে, ততদিন পাকিস্তানের সঙ্গে কোনো খেলায় অংশ নেওয়া উচিত নয়।”

harbhajan singh2_Dhakaprokash.jpg

পাকিস্তানি ক্রিকেটারদের প্রচার নিয়েও হরভজন সংবাদমাধ্যমকে পরামর্শ দিয়েছেন। তার ভাষায়, “তারা তাদের দেশে বসে যা খুশি বলুক, আমাদের মিডিয়ার উচিত নয় তাদের বক্তব্য তুলে ধরা বা গুরুত্ব দেওয়া। আমাদের মনোযোগ থাকা উচিত নিজেদের দেশ ও নিজেদের খেলোয়াড়দের ওপর।”

৭০৭ আন্তর্জাতিক উইকেট শিকার করে ভারতের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ সফল বোলার হিসেবে অবসর নেওয়া হরভজন আরও বলেন, “আমরা যেই হই না কেন—খেলোয়াড়, অভিনেতা, বা অন্য কেউ দেশের চেয়ে বড় কেউ নই। ক্রিকেট ম্যাচ অনেক ছোট একটা বিষয়, যদি সেটা দেশের সম্মানের সঙ্গে সাংঘর্ষিক হয়।”