খেলা
শামি লক্ষ লক্ষ টাকা খরচ করেন বান্ধবীদের পেছনে, সাবেক স্ত্রীর অভিযোগ
ভারতীয় পেসার মোহাম্মদ শামির বিরুদ্ধে ফের সরব হলেন তার প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। এক সোশ্যাল মিডিয়া পোস্টে হাসিন অভিযোগ করেছেন, তাদের মেয়ে আয়রার পড়াশোনার খরচে উদাসীন শামি, কিন্তু তার বিপরীতে বান্ধবী ও উপপত্নীদের সন্তানদের জন্য বিপুল অর্থ খরচ করছেন।
হাসিনের দাবি, কোটিপতি হওয়া সত্ত্বেও শামি নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদাসীন। ইনস্টাগ্রামে পোস্টে তিনি লেখেন, “শত্রুরা চায়নি আমার মেয়ে ভালো স্কুলে পড়ুক, কিন্তু আল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছেন।” তিনি আরও জানান, আয়রাকে সম্প্রতি একটি আন্তর্জাতিক মানের স্কুলে ভর্তি করানো হয়েছে।

তার অভিযোগ, শামি উপপত্নীদের সন্তানদের স্কুলের মাইনে, বিজনেস ক্লাস বিমান টিকিট ও অন্যান্য খরচ নির্বিঘ্নে বহন করছেন, অথচ নিজের মেয়ের পড়াশোনার খরচ নিয়ে প্রশ্ন তোলেন। হাসিন এও উল্লেখ করেছেন যে তিনি প্রতি মাসে শামির কাছ থেকে চার লক্ষ টাকা খোরপোষ পান, যার মধ্যে ২.৫ লক্ষ টাকা মেয়ের জন্য বরাদ্দ।
২০১৪ সালে শামি ও হাসিনের বিয়ে হয়, এক বছর পর জন্ম হয় মেয়ে আয়রার। এরপর থেকেই তাদের দাম্পত্য জীবন শুরু করে টানাপোড়েন। ২০১৮ সালে হাসিন শামি ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে মামলা করেন। সম্প্রতি, কলকাতা হাইকোর্ট হাসিন ও তার মেয়ের ভরণপোষণের জন্য শামিকে প্রতি মাসে চার লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেয়।
তবে এখন পর্যন্ত এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শামির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।