খেলা

আইপিএলকে বিদায় বললেন রবিচন্দ্রন অশ্বিন


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০১:৫৮ পিএম

আইপিএলকে বিদায় বললেন রবিচন্দ্রন অশ্বিন
আইপিএলকে বিদায় বললেন রবিচন্দ্রন অশ্বিন। ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বুধবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে নিজেই এই সিদ্ধান্ত জানান তিনি।

পোস্টে অশ্বিন লেখেন, “বিশেষ একটি দিন, নতুন একটি অধ্যায়ের শুরু। অনেকেই বলে, শেষ মানেই নতুন সূচনা। আজ আমার আইপিএল ক্যারিয়ারের ইতি ঘটছে। তবে ক্রিকেটের অন্য ভূমিকায় নিজেকে খুঁজে নেওয়ার যাত্রা শুরু হচ্ছে আজ থেকেই।”

ashwin1_Dhakaprokash.jpg

আইপিএলের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে নিজের আইপিএল যাত্রার ইতি টানলেন তিনি। চেন্নাই সুপার কিংসের হয়েই ২০০৯ সালে আইপিএল যাত্রা শুরু করেন অশ্বিন, আর সেখানেই ফিরেই খেলোয়াড়ি জীবনের শেষ ম্যাচটি খেললেন তিনি।

ক্যারিয়ারে তিনি আরও খেলেছেন রাইজিং পুনে সুপারজায়ান্টস, কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস), দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের হয়েও।

ashwin2_Dhakaprokash.jpg

চেন্নাইয়ের জার্সিতে ২০১০ ও ২০১১ সালে আইপিএল শিরোপা জেতার স্বাদ পেয়েছিলেন অশ্বিন। এবার আইপিএল থেকে সরে দাঁড়িয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার পথ খুলে গেল তার জন্য।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ভারতের এই তারকা স্পিনার। ভারতের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় রয়েছেন তিনি।