খেলা
আফগানিস্তান সিরিজে দলে সৌম্য সরকার, অধিনায়ক জাকের আলি
আসন্ন আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২, ৩ ও ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
তবে ইনজুরির কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচের আগে পাঁজরে চোট পান তিনি। যে কারণে শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি। এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় আফগানিস্তান সিরিজেও মাঠে নামতে পারছেন না এই অভিজ্ঞ ওপেনার।
লিটনের অনুপস্থিতিতে প্রথমবারের মতো বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন জাকের আলি। এবারও আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজে টাইগারদের নেতৃত্ব দেবেন তিনি।
এদিকে দীর্ঘদিন পর টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার। যদিও এই মুহূর্তে তিনি দুবাইয়ের ভিসা পাননি। ধারণা করা হচ্ছে, মঙ্গলবারের মধ্যেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।
শারজাহতে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজটিকে ঘিরে ভিন্ন রকম উত্তেজনা তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। একদিকে নতুন নেতৃত্বে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল, অন্যদিকে সৌম্যর প্রত্যাবর্তন দলের ব্যাটিং লাইনআপে বাড়তি ভারসাম্য যোগ করবে বলে আশা করছেন নির্বাচকরা।
আফগানিস্তান সিরিজে বাংলাদেশের স্কোয়াড: জাকের আলি (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।