খেলা
ভারতকে ট্রফি দিতে শর্ত জুড়লেন পিসিবি সভাপতি
এশিয়া কাপ ২০২৫ ক্রিকেট ফাইনালের মাঠের লড়াই শেষ হলেও, ট্রফি প্রদান পর্বে ঘটে যাওয়া নাটকীয়তায় শিরোপা উদযাপনের আনন্দ যেন ছাপিয়ে যায় অস্বস্তিকর এক পরিস্থিতিতে। পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয় করলেও ট্রফি ছাড়াই খালি হাতে মাঠ ছাড়তে হয়েছে ভারতীয় দলকে।
আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) শিগগিরই ভারতকে ট্রফি প্রদান করবে। তবে এর সঙ্গে শর্ত জুড়ে দিয়েছেন এসিসির চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি। তিনি জানিয়েছেন, একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলে কেবল তিনিই নিজ হাতে ভারতীয় ক্রিকেটারদের ট্রফি ও মেডেল তুলে দেবেন।
সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, এশিয়া কাপের ট্রফিটি বর্তমানে দুবাইয়ে এসিসির সদর দপ্তরে রাখা আছে। এটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মাত্র চার কিলোমিটার দূরে, যা আবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদর দপ্তরের কাছেই অবস্থিত।
ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, নাকভি শিরোপা ভারতের হাতে তুলতে রাজি হলেও শর্ত হিসেবে অনুষ্ঠানের আয়োজনের কথা বলেছেন। তিনি স্পষ্ট করেছেন, কেবল ওই আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমেই ভারতীয়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হবে।
তবে বর্তমান পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে এই শর্ত মেনে নেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। ফলে কবে, কোথায় এবং কীভাবে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে তা অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। টুর্নামেন্ট জুড়ে পাকিস্তানকে তিনবার হারিয়ে শুভমান গিল-রা শিরোপা উল্লাসে মাতে। কিন্তু ট্রফি গ্রহণের সুযোগ না পেয়ে সেই আনন্দে যুক্ত হয়েছে বিতর্কের ছায়া।