খেলা
আমার কোনো অনুশোচনা নেই: সাকিব আল হাসান
বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের তারকা অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান জানিয়েছেন, গত বছরের রাজনৈতিক অস্থিরতার সময় তার ভূমিকা নিয়ে কোনো অনুশোচনা নেই।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি জানি, মানুষ তখন আমার কাছ থেকে অন্য কিছু আশা করেছিল, কিন্তু আমি তখন দেশের বাইরে ছিলাম এবং পুরো পরিস্থিতিটা বুঝে ওঠা কঠিন ছিল। আমি তাদের অবস্থান বুঝি ও সম্মান করি, তবে আমার কোনো অনুশোচনা নেই।”
গত বছরের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা হারায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। তার কয়েক মাস আগে, জানুয়ারির বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। আন্দোলন চলাকালীন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং সরকারের দমন-নীতির সময়ও কোনো মন্তব্য করেননি। সরকার পতনের পর থেকে তিনি কার্যত স্বেচ্ছানির্বাসনে আছেন।

রাজনীতির পাশাপাশি ক্রিকেটেও এখন অনেকটা প্রান্তিক হয়ে গেছেন এক সময়ের ‘পোস্টারবয়’। জাতীয় দলে ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি বলেছেন, সাকিব আর জাতীয় দলে ফিরবেন না। তার ভাষায়, “সাকিব ছিলেন স্বৈরাচারের সহযোগী।”
তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও সক্রিয় সাকিব। চলতি বছর খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি ও যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে (এমআইএলসি)। আটলান্টা ফায়ারের হয়ে চ্যাম্পিয়নও হয়েছেন তিনি।

ক্রিকবাজে দেওয়া সাক্ষাৎকারে অবসর প্রসঙ্গেও কথা বলেছেন এই অলরাউন্ডার। জানিয়েছেন, এখনও কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিক অবসর নেননি। সাকিবের ভাষায়, “না, আমি এখনো অফিসিয়ালি অবসর দিইনি। হোম অব ক্রিকেট মিরপুরেই ক্যারিয়ারের ইতি টানতে চাই। এটা হয়তো আমার ভক্তদের জন্যই সবচেয়ে বড় মুহূর্ত হবে।”
তবে বাস্তবতা হলো- সেই স্বপ্ন পূরণের সম্ভাবনা এখন বেশ ক্ষীণ। এক সময় যে মিরপুর ছিল তার সাফল্যের মঞ্চ, আজ সেই মাঠ থেকে অনেক দূরেই অবস্থান করছেন সাকিব আল হাসান।