খেলা
ভারতেই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে, হুঁশিয়ারি আইসিসির
বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন সংক্রান্ত বাংলাদেশের আবেদন নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) স্পষ্টভাবে জানিয়েছে- বিশ্বকাপের ম্যাচগুলো ভারতেই খেলতে হবে।
অন্যথায় নির্ধারিত ম্যাচগুলোতে বাংলাদেশকে পয়েন্ট ছেড়ে দিতে হতে পারে। এমন তথ্য জানিয়েছে ক্রিকেট বিষয়ক বিশ্বস্ত গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
প্রতিবেদনে ক্রিকইনফো শিরোনাম করেছে, ‘আইসিসি বাংলাদেশকে বলেছে- ভারতেই খেলো, নাহলে পয়েন্ট হারাও’। এতে ইঙ্গিত দেওয়া হয়েছে, এ ইস্যুতে আইসিসি কার্যত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর অবস্থানকেই সমর্থন করছে। উল্লেখযোগ্যভাবে, আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ, যিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে এবং বিসিসিআইয়ের সাবেক সচিব।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিসিবির সঙ্গে আইসিসির এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানে আইসিসি জানায়, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তারা কোনো শঙ্কা দেখছে না। ফলে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশের সরকার ও ক্রিকেট বোর্ড ভারতে দল বা খেলোয়াড় পাঠাতে অনিচ্ছুক-এ যুক্তি আইসিসির কাছে গ্রহণযোগ্য নয়।
আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশকে বিশ্বকাপের সব ম্যাচ নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে। কোনো বিকল্প ভেন্যু বা বিশেষ ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হচ্ছে না। নির্ধারিত ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালে প্রতিপক্ষকে পয়েন্ট ছেড়ে দেওয়ার ঝুঁকিতে পড়বে টাইগাররা।
প্রসঙ্গত, বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে অযাচিতভাবে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া অবস্থান নেয় বিসিবি। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার আইপিএলের সব ধরনের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়। বিসিবিও স্পষ্ট জানিয়ে দেয়, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলা তাদের পক্ষে সম্ভব নয়। যদিও ভারতীয় কর্তৃপক্ষ রাষ্ট্রপ্রধান পর্যায়ের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে।
এদিকে আরেক ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, এ মুহূর্তে আইসিসির অবস্থান বিসিবির অনুকূলে যাচ্ছে না। যদিও এর আগে গুঞ্জন ছিল, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন বিবেচনায় নিতে পারে আইসিসি। প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ১০ জানুয়ারির মধ্যেই আইসিসি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে বিসিবিকে জানাতে পারে।