খেলা
সব দায়িত্ব থেকে পরিচালক নাজমুলকে অব্যাহতি দিচ্ছে বিসিবি
দীর্ঘ অচলাবস্থা ও চাপের মুখে অবশেষে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে সব দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তাঁর বিতর্কিত ও কড়া মন্তব্যকে কেন্দ্র করে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের ম্যাচ বয়কটের হুমকি, বিপিএলের ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা এবং মাঠে–গ্যালারিতে চরম উত্তেজনার প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে।
সিলেট পর্ব শেষ হওয়ার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকায় বিপিএলের খেলা শুরুর দিনই সংকট চূড়ান্ত রূপ নেয়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দিনের প্রথম ম্যাচ শুরু হয়নি। মাঠে ফাঁকা উইকেট, গ্যালারিতে অপেক্ষমাণ দর্শক আর হোটেলে অবস্থান করা খেলোয়াড়দের দৃশ্য বিপিএলের ইতিহাসে নজিরবিহীন পরিস্থিতি তৈরি করে। দর্শকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে মিরপুরের হোম অব ক্রিকেট। সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে আগেই সময়সীমা বেঁধে দিয়েছিল কোয়াব। দাবি মানা না হলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের ঘোষণাও দেয় সংগঠনটি। রাতভর আলোচনা ও দফায় দফায় বোঝানোর চেষ্টা করা হলেও ক্রিকেটারদের অবস্থান বদলাতে পারেনি বিসিবি। এমনকি কোয়াবের সংবাদ সম্মেলনেও তারা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান।
এই অচলাবস্থা কাটাতে শেষ পর্যন্ত নাজমুল ইসলামকে দায়িত্বমুক্ত করার সিদ্ধান্ত নেয় বিসিবি। জানা গেছে, দুপুরে অনুষ্ঠিত জরুরি অনলাইন সভা শেষে তাকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান পদসহ সব গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। তবে তিনি বিসিবির পরিচালক পদে বহাল থাকবেন।
বিসিবি সূত্রে আশা করা হচ্ছে, এই সিদ্ধান্তের মাধ্যমে চলমান সংকট কাটবে এবং বিপিএলের বাকি ম্যাচগুলো স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হবে।