খেলা

বিশ্বকাপ ইস্যুতে বিকেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন আসিফ নজরুল


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ এএম

বিশ্বকাপ ইস্যুতে বিকেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্পষ্ট করে জানিয়েছে, বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলামকে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একদিন সময় দিয়েছে আইসিসি। এ বিষয়ে আমিনুল ইসলাম জানিয়েছেন, তিনি এখনো ‘মিরাকলের’ আশায় রয়েছেন।

এমন গুরুত্বপূর্ণ সময়েই আজ দুপুর ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা এই বৈঠকে উপস্থিত থাকবেন।

জানা গেছে, বৈঠকে সরকারের পক্ষ থেকে ক্রিকেটারদের জানানো হবে—কোন পরিস্থিতি ও বিবেচনায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বর্তমান সংকটের প্রেক্ষাপটে ভবিষ্যৎ করণীয় ও সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নিয়েও ক্রিকেটারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে।

বিশ্বকাপ আয়োজন ও অংশগ্রহণ ঘিরে তৈরি হওয়া এই জটিল পরিস্থিতিতে আজকের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ক্রিকেটারদের মতামত ও অবস্থানও এ বৈঠকের আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।