খেলা

অ্যালেন ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৯:০৫ এএম

অ্যালেন ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড
ছবি: সংগৃহীত

জয়ের জন্য নিউজিল্যান্ডের তখন প্রয়োজন মাত্র ১ রান, আর ওপেনার ফিন অ্যালেনের সেঞ্চুরির জন্য চাই ৪। মার্কো ইয়ানসেনের করা বলটিকে বাউন্ডারিতে পাঠিয়ে ইতিহাস গড়লেন অ্যালেন; সেই সঙ্গে নিশ্চিত করলেন নিউজিল্যান্ডের ফাইনালের টিকিট।

বুধবার সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী মঞ্চে পা রাখল কিউইরা।

নিউজিল্যান্ডের এই অনায়াস জয়ের একমাত্র নায়ক ফিন অ্যালেন। প্রোটিয়া বোলারদের তুলাধুনা করে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই বিধ্বংসী ওপেনার। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড। তিনি ভেঙে দিয়েছেন কিংবদন্তি ক্রিস গেইলের ৪৭ বলে করা আগের রেকর্ডটি। অ্যালেনের অপরাজিত ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও ৮টি বিশাল ছক্কায়।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন নিউজিল্যান্ডের দুই ওপেনার। টিম সেইফার্ট শুরুতে দুবার জীবন পেলেও তার পূর্ণ সুযোগ নেন। অ্যালেন ও সেইফার্টের উদ্বোধনী জুটি থেকে আসে মাত্র ৯.৩ ওভারে ১১৫ রান। সেইফার্ট ৩৩ বলে ৫৮ রান করে আউট হলেও, রাচিন রবীন্দ্রকে নিয়ে ১২.৫ ওভারেই ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন অ্যালেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে যখন তারা ধুঁকছিল, তখন হাল ধরেন মার্কো ইয়ানসেন ও ট্রিস্টান স্টাবস। ইয়ানসেনের ২৯ বলে অপরাজিত ৫৫ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৬৯ রানের লড়াই করার মতো পুঁজি পায় প্রোটিয়ারা। নিউজিল্যান্ডের পক্ষে ম্যাট হেনরি, রাচিন রবীন্দ্র ও কোল ম্যাকঙ্কি ২টি করে উইকেট শিকার করেন।

চলতি বিশ্বকাপে টানা সাত ম্যাচ জিতে উড়তে থাকা এইডেন মার্করামের দল সেমি-ফাইনালের এই ‘চোকার্স’ তকমা আর মুছতে পারল না। অন্যদিকে, ২০২১ সালের পর দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল নিউজিল্যান্ড। গতবার অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হলেও এবার অ্যালেনের এমন ফর্ম কিউই সমর্থকদের শিরোপার স্বপ্ন দেখাচ্ছে।

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা    ১৬৯/৮ (২০ ওভার)    মার্কো ইয়ানসেন (৫৫*), ব্রেভিস (৩৪)

নিউজিল্যান্ড১৭৩/১ (১২.৫ ওভার)ফিন অ্যালেন (১০০*), টিম সেইফার্ট (৫৮)

ফলাফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী।