খেলা
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় অধিকাংশই ফেল, আবারও বিজ্ঞপ্তি প্রকাশ
জেলা পর্যায়ে কোচ নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের ব্যর্থতার মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংস্থাটির দেওয়া বিজ্ঞপ্তির ভিত্তিতে মোট ২১৮ জন প্রার্থী আবেদন করলেও লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অধিকাংশই উত্তীর্ণ হতে পারেননি।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, ৬১টি পদের বিপরীতে প্রাথমিকভাবে পাস করেছেন মাত্র ৩৯ জন। অর্থাৎ ১৭০ জনেরও বেশি প্রার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। ব্যবহারিক পরীক্ষাতেও একই চিত্র দেখা গেছে, যেখানে বেশিরভাগ আবেদনকারীই প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হন।
গত ২৩ ও ২৪ জুলাই দুই দিনব্যাপী এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে নেওয়া হয় লিখিত পরীক্ষা এবং দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। জেলা পর্যায়ের ৫৯টি এবং ঢাকা মহানগরের ২টি কোচিং পদের জন্য এই নিয়োগ কার্যক্রম চালানো হয়েছিল।
তবে প্রত্যাশিত সংখ্যক যোগ্য প্রার্থী না পাওয়ায় পুনরায় কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ লক্ষ্যে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আগামী ৩০ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।
অন্যদিকে, প্রাথমিকভাবে উত্তীর্ণ ৩৮ জনের মধ্য থেকেও সবার চূড়ান্ত নিয়োগ নিশ্চিত নয়। কারণ, তাদের মধ্যে কয়েকজনের যোগ্যতা নির্ধারিত শর্ত পূরণ করছে কি না, তা এখনও যাচাই-বাছাই করা হচ্ছে।