খেলা

তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৮:৪০ পিএম

তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা
ছবি: সংগৃহীত

নারী এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্বে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার (৫ জুলাই) ইয়াঙ্গুনে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে দারুণ জয় তুলে নিয়েছে পিটার বাটলারের শিষ্যরা।

প্রথমার্ধেই ম্যাচ শেষ করে দেয় বাংলাদেশ। ৩ মিনিটে স্বপ্না রানীর গোলে শুরু হয় গোল উৎসব। এরপর ৬ ও ১৩ মিনিটে জোড়া গোল করেন শামসুন্নাহার। এরপর ১৬ মিনিটে মনিকা, ১৭ মিনিটে ঋতুপর্ণা চাকমা এবং ২০ মিনিটে তহুরা খাতুন গোল করে ব্যবধান বাড়ান।

প্রতিপক্ষ কিছুটা সামলে উঠলেও, প্রথমার্ধের শেষ দিকে (৪২ মিনিটে) ঋতুপর্ণা নিজের দ্বিতীয় গোল করেন। ফলে বিরতিতে যাওয়ার আগেই ৭-০ গোলের বড় লিড নেয় লাল-সবুজরা।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ছিল বাংলাদেশের দখলে। ম্যাচের শেষ পর্যন্ত এই স্কোরলাইনই বজায় থাকে।

এর আগে, বাছাই পর্বের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে ইতোমধ্যে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে লাল-সবুজ প্রতিনিধিরা।