খেলা

ইয়ামালের হাতে বার্সার ১০ নম্বর জার্সি, ছোট ভাইকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০১:২১ পিএম

ইয়ামালের হাতে বার্সার ১০ নম্বর জার্সি, ছোট ভাইকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ
ছবি: সংগৃহীত

এটা তো হওয়ারই কথা ছিল। আনসু ফাতি কিছুদিন আগে বার্সেলোনা থেকে ধারে মৌসুম চুক্তিতে মোনাকোয় যোগ দেওয়ার পর অপেক্ষায় ছিলেন তাঁর ভক্তরা—বার্সেলোনার ১০ নম্বর জার্সিটা কবে পাবেন লামিনে ইয়ামাল?

সেই অপেক্ষা ঘুচে গেল গতকাল বুধবার। বার্সেলোনা জানিয়েছে, ইয়ামালের হাতে ক্লাবটির আইকনিক ১০ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও একটি আনুষ্ঠানিকতা সেরেছে বার্সা। গত মে মাসে যে চুক্তি তারা করেছিল ইয়ামালের সঙ্গে, সেটিও অফিশিয়াল করা হয়েছে। ২০৩১ সাল পর্যন্ত বার্সায় থাকার চুক্তিটি গত মে মাসেই সম্পন্ন করেন ইয়ামাল। তখন এই চুক্তির ছবি প্রকাশ করা হয়নি। কারণ, নিজের দাদি ফাতিমাকে তিনি চুক্তির দিন সঙ্গে রাখতে পারেননি।

dhakaprokash- yamal.jpg
ছবি: সংগৃহীত

গতকাল দাদি, বাবা, ভাই ও বন্ধুদের নিয়ে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ইয়ামাল। বার্সা এর মধ্যে একটি কাজও করেছে। ইয়ামাল স্পেনের যে অঞ্চল থেকে উঠে এসেছেন, সেই রোসাফন্দায় একটি ম্যুরাল বানিয়েছে ক্লাবটি। সেটি আবার ইয়ামাল ছোট বেলায় যে মাঠে খেলতেন তার পাশেই—দেয়ালচিত্রে লেখা, ‘রোসাফন্দা থেকে বিশ্বের মঞ্চে।’

১০ নম্বর জার্সি আনুষ্ঠানিকভাবে হাতে তুলে নেওয়া এবং চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ক্যাম্প ন্যুতে নির্ধারিত সময়ের চেয়ে ২৫ মিনিট দেরিতে পৌঁছান ইয়ামাল। স্যুট পরা ইয়ামালের সঙ্গে এ সময় ছিলেন তাঁর দাদি। ততক্ষণে তাঁর ভক্তরা অবশ্য টের পেয়ে যান, কী ঘটতে যাচ্ছে। ইয়ামালের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করা একটি ভিডিও দেখে যা বোঝার বুঝে নেন তাঁর ভক্তরা। ভিডিওতে দেখা যায় নিজের ছোট ভাইয়ের সঙ্গে বসে কথা বলছেন ইয়ামাল। তাঁর ভাই নিচে বসে টেবিলের ওপর কাগজে কিছু একটা আঁকছে, ইয়ামাল সোফায় বসে। টেবিলের ওপর রাখা কাগজে বার্সার তিনটি ১০ নম্বর জার্সির ছবি আঁকা।

dhakaprokash- yamal 2.jpg
ছবি: সংগৃহীত

ইয়ামাল এ সময় তাঁর ভাইকে বলেন, ‘এই জার্সি পরে শুধু ভালো খেললে হবে না।’ টেবিল থেকে বার্সার জার্সির ছবি আঁকা একটি কাগজের টুকরা তুলে নিয়ে ইয়ামাল বলেন, ‘কেউ কেউ ইতিহাস গড়েছেন (১০ নম্বর জার্সি পরে)।’ এরপর আরেকটি কাগজের টুকরা তুলে নিয়ে ইয়ামাল বলেন, ‘অন্যরা আনন্দ পেয়েছেন।’

dhakaprokash- yamal last.jpg
ছবি: সংগৃহীত

বার্সার ১০ নম্বর জার্সি ঐতিহ্যে ভরপুর। ম্যারাডোনা, রিস্টো স্টয়চকভ, রোমারিও, রিভালদো, রোনালদিনিও, মেসির মতো কিংবদন্তিরা এই জার্সি পরে মাঠ মাতিয়েছেন। ২০০৮ সালে বার্সার ১০ নম্বর জার্সি পান মেসি। ২০২১ সালে বার্সা ছাড়ার আগপর্যন্ত জার্সিটির ইতিহাস তিনি-ই সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছেন। বার্সার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি লা লিগা জিতেছেন ১০ বার এবং চ্যাম্পিয়নস লিগ ৪ বার।

dhakaprokash- yamal 4.jpg
ছবি: সংগৃহীত

কয়েক দিন আগে ১৮ বছর পূর্ণ করা ইয়ামাল বার্সার হয়ে এরই মধ্যে ১০৬ ম্যাচে ২৫ গোল করেছেন। লা লিগা জয়ের পাশাপাশি স্পেনের হয়ে জিতেছেন ইউরোও। ১৮ ছোঁয়ার আগে মেসিও ইয়ামালের মতো এতটা সাফল্য পাননি। ১৮ ছোঁয়ার আগে পেশাদার ফুটবলে মেসি মাত্র ৯ গোল করেছিলেন। সে যা–ই হোক, বার্সায় এটা হবে ইয়ামালের চতুর্থ জার্সি নম্বর। ২০২২-২৩ মৌসুমে অভিষেকের সময় তাঁর জার্সি নম্বর ছিল ৪১, পরের মৌসুমে পান ২৭ নম্বর জার্সি এবং গত বছর পরেছেন ১৯ নম্বর জার্সি। ১০ নম্বর জার্সি পাওয়ার আগে মেসির জার্সি নম্বরও ছিল ১৯!

dhakaprokash- yamal 3.jpg
ছবি: সংগৃহীত

নতুন জার্সি পেয়ে নিজের লক্ষ্যের কথাও জানিয়েছেন ইয়ামাল, ‘চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপ জেতা হয়নি। এগুলো আমার লক্ষ্য।’