খেলা

তৃষ্ণার হ্যাটট্রিকে তিমুরকে ৮ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৮:০৬ পিএম

তৃষ্ণার হ্যাটট্রিকে তিমুরকে ৮ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের ফুটবল দল আরও এক অনবদ্য প্রদর্শনী দিলো। শুক্রবার লাওসের ন্যাশনাল স্টেডিয়ামে খেলা দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে পরাজিত করে একপ্রকার গোল বন্যায় ভাসিয়ে দিলো ‘আফঈদারা’রা। দলের হিরো হিসেবে দেখা গেলো তৃষ্ণা রানীকে, যিনি হ্যাটট্রিক সম্পাদন করেছেন।

ম্যাচের প্রথমার্ধেই বাংলাদেশের আক্রমণাত্মক ফুটবল নজর কাড়লো। ২০ মিনিটে স্বপ্না রানীর কর্নার থেকে দুর্দান্ত হেড গোল করেন সিনহা জাহান শিখা। এরপর ৩২ মিনিটে কর্নার থেকে অলিম্পিক গোল করেন শান্তি মার্ডি, যা সরাসরি কর্নার থেকে জালে গিয়েছিল। ৩৬ মিনিটে শান্তির কর্নার থেকে গোল করেন ফরোয়ার্ড নবিরন খাতুন। প্রথমার্ধের শেষের দিকে তৃষ্ণা রানী গোল করে দলকে ৪-০ গোলে এগিয়ে নিয়ে যান।

 

2-sports football bd-Dhaka Prokah News-08-08-2025.jpg
ছবি: সংগৃহীত

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের আক্রমণ আরও তীব্র হয়। ৫৭ মিনিটে তৃষ্ণা রানী নিজের দ্বিতীয় গোল করেন। ৭৩ মিনিটে সাগরিকা অসাধারণ এক একক প্রচেষ্টায় দুই প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে গোল করেন। ৮৩ মিনিটে সাগরিকার পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা রানী। শেষ মুহূর্তে মুনকি আক্তার দলকে ৮-০ গোলে পৌঁছে দেন।

এদিকে, এই জয়ের মাধ্যমে দুই ম্যাচে দুই জয় নিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ, যা তাদের ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থানে নিয়ে এসেছে। সন্ধ্যায় গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া লাওসের বিপক্ষে খেলবে। বাংলাদেশের শেষ ম্যাচ হবে ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে, যা গ্রুপের ভাগ্য নির্ধারণ করবে।

গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি এএফসি এশিয়ান কাপ ২০২৬ এর ফাইনালে উঠবে। পাশাপাশি রানার্সআপ ৮ দলের মধ্যে সেরা তিন দলও থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ওই টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে।

এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।