খেলা
মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি
লিওনেল মেসির নেতৃত্বে আবারও শিরোপার স্বপ্নে উড়ছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন তারকার দুর্দান্ত পারফরম্যান্সে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে লিগস কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। শুধু তাই নয়, এই জয়ের সুবাদে মায়ামি নিশ্চিত করেছে ২০২৬ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে খেলার সুযোগও।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুটা ভালো করেছিল সফরকারী অরল্যান্ডো সিটি। প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+১ মিনিটে) মার্কো পাসালিচের গোলে এগিয়ে যায় দলটি। তবে বিরতির পর পুরো দৃশ্যপট পাল্টে দেন মেসিরা।
দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে বড় ধাক্কা খায় অরল্যান্ডো। দলের ডিফেন্ডার ডেভিড ব্রেকালো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। এর ঠিক দুই মিনিট পর ৭৭তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান লিওনেল মেসি।
এরপর ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় শেষ দশ মিনিটে। ৮৮তম মিনিটে জর্ডি আলবার সঙ্গে চমৎকার ওয়ান-টু পাসে প্রতিপক্ষের কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। এতে ২-১ গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে (৯০+১ মিনিটে) তেলাস্কো সেগোভিয়ার গোলে ব্যবধান আরও বাড়ায় ক্লাবটি। ফলে ৩-১ গোলের জয় নিয়ে ফাইনালে ওঠে মায়ামি।
আগামী ৩১ আগস্ট লিগস কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মেসি-সুয়ারেজদের প্রতিপক্ষ হবে এলএ গ্যালাক্সি কিংবা সিয়েটল সাউন্ডার্স এফসি।