খেলা

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপ জিতলো বার্সেলোনা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপ জিতলো বার্সেলোনা
ছবি: সংগৃহীত

এল ক্লাসিকোর উত্তাপে ভরা মেগা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে পরাজিত করে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে টানা শিরোপা ধরে রাখার কৃতিত্ব দেখালো কাতালানরা, যা গত ১৪ বছরে প্রথমবার। একই সঙ্গে এটি বার্সেলোনার ঘরোয়া সুপার কাপ ইতিহাসে ১৬তম সাফল্য।

রোববার (১১ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় ইউরোপের দুই পরাশক্তি। ম্যাচজুড়ে নাটকীয়তা, পাল্টাপাল্টি আক্রমণ আর উত্তেজনায় দর্শকদের শ্বাস বন্ধ হওয়ার জোগাড়।

barchelona1_Dhakaprokash.jpg

প্রথমার্ধেই উঠে আসে ম্যাচের পাঁচ গোলের চারটি। শুরুতে দুই দলই সমানতালে লড়াই চালালেও আধঘণ্টা পর ধীরে ধীরে ম্যাচের লাগাম হাতে নেয় বার্সেলোনা। ৩৬তম মিনিটে প্রতিপক্ষ রক্ষণভাগ ভেঙে দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া।

তবে প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ফেরে উত্তেজনা। বিরতির ঠিক আগে মাঝমাঠ থেকে ড্রিবলিংয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে চোখ ধাঁধানো গোলে সমতা ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু নাটক এখানেই শেষ নয়। স্টপেজ টাইমে লেভানডোভস্কির চিপ শটে আবারও এগিয়ে যায় বার্সা। উদযাপন শেষ হওয়ার আগেই গঞ্জালো গার্সিয়ার গোলে ফের সমতায় ফেরে রিয়াল। ২-২ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

barchelona2_Dhakaprokash.jpg

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে দুই দলই। অবশেষে ৭৩তম মিনিটে ফের জ্বলে ওঠেন রাফিনিয়া। শট নেওয়ার সময় খানিকটা ভারসাম্য হারালেও রিয়াল ডিফেন্ডারের গায়ে লেগে বল জালে ঢুকে পড়ে। সেটিই হয়ে দাঁড়ায় ম্যাচের নির্ণায়ক গোল।

শেষ দিকে ডি জং লাল কার্ড দেখলে ১০ জনে নেমে আসে বার্সেলোনা। সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে ওঠে রিয়াল। একের পর এক আক্রমণ চালালেও বার্সার গোলরক্ষক গার্সিয়া হয়ে ওঠেন অপ্রতিরোধ্য প্রাচীর। শেষ পর্যন্ত রিয়ালের সব চেষ্টা ব্যর্থ করে জয় নিশ্চিত করে বার্সেলোনা।

barchelona3_Dhakaprokash.jpg

চূড়ান্ত বাঁশির সঙ্গে সঙ্গে শিরোপা উৎসবে মেতে ওঠে কাতালান শিবির। মৌসুমের প্রথম এল ক্লাসিকোর হারের বদলা নেওয়ার পাশাপাশি গতবারের সুপার কাপ জয়ের পুনরাবৃত্তিও করে ফ্লিকের শিষ্যরা।