খেলা
এক ম্যাচে ৩ পেনাল্টি দেওয়া সেই রেফারি আবারও আর্জেন্টিনার ম্যাচে
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। তবে ম্যাচটির আগে আলোচনায় উঠে এসেছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সিমন মার্সিনিয়াক, যিনি আবারও দায়িত্ব পাচ্ছেন লিওনেল স্কালোনির দলের ম্যাচে।
ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিশ্চিত করেছে, কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ পরিচালনা করবেন মার্সিনিয়াক। এর মাধ্যমে তৃতীয়বারের মতো আর্জেন্টিনার ম্যাচে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।
ফুটবলার থেকে রেফারি
১৯৮১ সালের জানুয়ারিতে জন্ম নেওয়া সিমন মার্সিনিয়াক শুরুতে ফুটবলার ছিলেন। নিজের শহরের ক্লাব উইসলা প্লকে খেলেছেন এবং পোল্যান্ডের শীর্ষ লিগেও অংশ নিয়েছেন। তবে পরবর্তীতে রেফারিংকে পেশা হিসেবে বেছে নেন।
এক সাক্ষাৎকারে তিনি জানান, তরুণ বয়সে একটি ম্যাচে লাল কার্ড দেখার পর রেফারির সঙ্গে কথোপকথন থেকেই তার আগ্রহ তৈরি হয়। সেই থেকেই রেফারিং কোর্সে ভর্তি হয়ে শুরু হয় নতুন পথচলা।
২০০৬ সালে রেফারিং ক্যারিয়ার শুরু করে দ্রুতই ইউরোপীয় ফুটবলের শীর্ষ পর্যায়ে পৌঁছে যান তিনি। ২০১১ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় নাম ওঠে তার।
বিশ্বসেরা রেফারির স্বীকৃতি
মার্সিনিয়াক ২০২২ বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন। এছাড়া ২০২৩ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও দায়িত্ব পালন করেন তিনি। টানা দুই মৌসুমে ‘বিশ্বসেরা রেফারি’ নির্বাচিত হন এই পোলিশ কর্মকর্তা।
তার ক্যারিয়ারে ৬০০টির বেশি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং ২০০টির বেশি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছেন তিনি।
অসুস্থতা কাটিয়ে প্রত্যাবর্তন
এক সময় ট্যাকিকার্ডিয়া বা অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যায় ভুগতে হয়েছিল মার্সিনিয়াককে। প্রায় দেড় বছর মাঠের বাইরে থাকতে হয় তাকে। ফলে ইউরো ২০২০-এ দায়িত্ব পালনের সুযোগ হারান। তবে সুস্থ হয়ে আবারও মাঠে ফিরে নিজের অবস্থান শক্ত করেন।
আর্জেন্টিনার সঙ্গে স্মৃতি
আর্জেন্টিনার ম্যাচে মার্সিনিয়াকের অভিজ্ঞতা নতুন নয়। ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন তিনি, যেখানে পেনাল্টি মিস করেছিলেন লিওনেল মেসি।
২০২২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের ম্যাচেও ছিলেন তিনি। তবে সবচেয়ে স্মরণীয় ম্যাচটি ছিল ফ্রান্সের বিপক্ষে ফাইনাল, যেখানে ৩-৩ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে জয় পায় আর্জেন্টিনা।
সেই ম্যাচে তিনটি পেনাল্টির সিদ্ধান্ত দিয়ে আলোচনায় আসেন মার্সিনিয়াক—একটি আর্জেন্টিনার পক্ষে এবং দুটি ফ্রান্সের পক্ষে। লিওনেল মেসি জোড়া গোল করেন এবং কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করে ম্যাচকে অবিস্মরণীয় করে তোলেন।
আবারও আর্জেন্টিনার ম্যাচে
১৭ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ। অনেক সমর্থক মার্সিনিয়াকের উপস্থিতিকে আর্জেন্টিনার জন্য শুভ লক্ষণ হিসেবে দেখছেন, কারণ তার পরিচালিত আগের দুই বিশ্বকাপ ম্যাচেই জয় পেয়েছে দলটি।
এবারও তার বাঁশিতে মাঠে নামবে লিওনেল মেসির দল। ফলে বিশ্বকাপজয়ের স্মৃতি আবারও উজ্জীবিত করছে আর্জেন্টাইন সমর্থকদের।