খেলা

ম্যাচসেরার পুরস্কারে বিয়ার পেয়ে হাসলেন ভিনিসিয়ুস, বললেন ‘আমরা ভাত খাই’


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৫:১২ পিএম

ম্যাচসেরার পুরস্কারে বিয়ার পেয়ে হাসলেন ভিনিসিয়ুস, বললেন ‘আমরা ভাত খাই’
ছবি: সংগৃহীত

মরক্কোর পর হাইতির বিপক্ষেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। তবে পুরস্কার হিসেবে পাওয়া বিয়ার তার কোনো কাজে আসেনি, কারণ তিনি নিজে বিয়ার পান করেন না। বরং ভাতসহ দেশীয় খাবারই তার বেশি পছন্দ বলে জানিয়েছেন এই ফরোয়ার্ড।

ফিলাডেলফিয়ার একটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করেন ভিনিসিয়ুস। মাঝমাঠ থেকে লুকাস পাকেতার দারুণ লং পাস পেয়ে হাইতির অফসাইড ফাঁদ ভেঙে ঠান্ডা মাথায় বল জালে জড়ান তিনি। এতে দল এগিয়ে গিয়ে স্বস্তি পায় এবং ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

ম্যাচ শেষে পুরস্কার হাতে নিয়ে হাস্যরস করে নিজের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলেন ভিনিসিয়ুস। তিনি বলেন, তিনি বিয়ার পান করেন না। বরং বন্ধুদের সঙ্গে ভাত, বিনস, ফ্রেঞ্চ ফ্রাই ও মাংস খেতেই বেশি পছন্দ করেন।

দলের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন এই ব্রাজিলিয়ান তারকা। তার মতে, প্রথম ম্যাচের ড্রয়ের চাপ কাটিয়ে হাইতির বিপক্ষে দল অনেক বেশি আত্মবিশ্বাসী ও স্বাচ্ছন্দ্যে খেলেছে।

জোড়া গোল করা মাথিয়াস কুনহার প্রশংসাও করেন ভিনিসিয়ুস। তিনি বলেন, প্রতিপক্ষ অনুযায়ী কৌশল ও ফরমেশন নির্ধারণ করা হয় এবং কুনহা এই ম্যাচে দারুণ খেলেছেন। ফলস নাইনের ভূমিকায় তিনি কার্যকর ছিলেন এবং দুই গোল করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন।

এছাড়া নিজের খেলার পজিশন নিয়েও কথা বলেন ভিনিসিয়ুস। তিনি জানান, কোচ তাকে মাঝমাঠে খেলতে বললে সেটি খুব পছন্দ না হলেও সেখানে খেললে প্রায়ই গোল পান। তাই দলের প্রয়োজনে তিনি সেই ভূমিকায় খেলতে প্রস্তুত।