খেলা

৩ বছরের কারাদণ্ড হতে পারে কিলিয়ান এমবাপ্পের!


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:৫৬ এএম

৩ বছরের কারাদণ্ড হতে পারে কিলিয়ান এমবাপ্পের!
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের কাছে হেরে প্যারাগুয়ের বিদায়ের পর শুরু হওয়া বাকযুদ্ধ এবার আইনি রূপ নিতে যাচ্ছে। ফরাসি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মানহানি ও অপবাদে মামলা করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র প্রতিবেদন অনুযায়ী, প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিলার আইনজীবী গুইলার্মো দুয়ার্তে কাকাবেলোস জানিয়েছেন, এমবাপ্পের প্রকাশ্য মন্তব্যের ভিত্তিতে প্যারাগুয়ের আদালতে মামলা করা সম্ভব কি না, তা তারা পর্যালোচনা করছেন। ফরাসি সংবাদমাধ্যম ‘লে প্যারিসিয়েন’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আদালত অভিযোগ আমলে নিলে প্যারাগুয়ের আইনে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে।

তিনি আরও জানান, এই প্রক্রিয়ায় দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তির বিষয়টি সামনে আসতে পারে। এমনকি মামলা হলে এমবাপ্পেকে প্যারাগুয়েতে গিয়ে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হতে পারে।

এই বিতর্কের সূচনা হয়, যখন সিনেটর সেলেস্তে আমারিলা এমবাপ্পের জাতীয়তা ও পরিচয় নিয়ে প্রশ্ন তুলে বিতর্কিত মন্তব্য করেন। এর জবাবে এমবাপ্পে তাকে ‘জঘন্য নারী’ ও ‘নিজের পদের অযোগ্য’ বলে মন্তব্য করেন, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অন্যদিকে, আমারিলার মন্তব্যের কারণে ফ্রান্সেও তদন্ত চলছে। তিনি জাতি, ধর্ম, বর্ণ বা জাতীয়তার ভিত্তিতে কাউকে অবমাননা করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার এক বছরের কারাদণ্ড এবং প্রায় ৪৫ হাজার ইউরো জরিমানার মুখে পড়তে পারেন।

তবে সেলেস্তে আমারিলার আইনজীবীর দাবি, তিনি কোনো রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে নয়, বরং একজন সাধারণ নাগরিক ও ফুটবলপ্রেমী হিসেবে মত প্রকাশ করেছেন, যা বাকস্বাধীনতার আওতাভুক্ত।

এই ইস্যু ইতোমধ্যে দুই দেশের শীর্ষ রাজনৈতিক অঙ্গনেও আলোড়ন তুলেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ প্রকাশ্যে এমবাপ্পের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা জানিয়েছেন, সিনেটর আমারিলার বক্তব্য দেশের সরকারি অবস্থানকে প্রতিফলিত করে না।