খেলা

মেসি বল ছুঁতে পেরেছেন মাত্র ৫৪ বার, একবারও ঢুকতে পারেননি স্পেনের ডি-বক্সে


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৯:০৬ পিএম

মেসি বল ছুঁতে পেরেছেন মাত্র ৫৪ বার, একবারও ঢুকতে পারেননি স্পেনের ডি-বক্সে
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে নিজের স্বাভাবিক ছন্দে দেখা যায়নি লিওনেল মেসিকে। পুরো ম্যাচজুড়ে আর্জেন্টিনা অধিনায়ক বল স্পর্শ করেছেন মাত্র ৫৪ বার। সবচেয়ে বিস্ময়কর তথ্য, ৯০ মিনিটের খেলায় একবারও বল নিয়ে স্পেনের পেনাল্টি বক্সে প্রবেশ করতে পারেননি এই তারকা ফুটবলার।

নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারায় আর্জেন্টিনা। ম্যাচজুড়ে আক্রমণভাগে প্রভাব বিস্তার করতে ব্যর্থ হওয়ায় মেসিকে বারবার মাঝমাঠে নেমে এসে বল সংগ্রহ করতে দেখা যায়। স্পেনের দখলভিত্তিক কৌশলের কারণে ম্যাচে বলের নিয়ন্ত্রণও ধরে রাখতে পারেনি আলবিসেলেস্তেরা।

ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার মাইকা রিচার্ডস মনে করেন, মেসিকে নিষ্ক্রিয় করার কার্যকর উপায় ছিল বল নিজেদের নিয়ন্ত্রণে রাখা। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মেসিকে থামাতে হলে তাকে উল্টো দিকে দৌড়াতে বাধ্য করতে হয়, আর স্পেন ঠিক সেটাই করেছে।

তবে ফাইনালের এই পরিসংখ্যান দিয়ে মেসির পুরো টুর্নামেন্ট মূল্যায়ন করতে নারাজ রিচার্ডস। তার মতে, পুরো বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনা অধিনায়ক ছিলেন সেরা খেলোয়াড়দের একজন। তিনি বলেন, বল ছাড়া মেসির কিছু সীমাবদ্ধতা থাকলেও দলের জন্য অনুপ্রেরণা জোগানোর ক্ষেত্রে তার প্রভাব অসাধারণ।

মেসিকে কার্যকরভাবে আটকে রাখার পাশাপাশি বলের দখলে আধিপত্য বিস্তার করেই ফাইনালে ১-০ গোলের জয় নিশ্চিত করে স্পেন।

সূত্র: বিবিসি