খেলা
মেসিকে ছাড়া বিশ্বকাপের জৌলুশ আর আগের মতো থাকবে না: মরিনিও
ক্যারিয়ারের দীর্ঘ সময় লিওনেল মেসিকে থামানোর কৌশল নিয়েই মাঠে লড়াই করেছেন জোসে মরিনিও। তবে বহুবারই পর্তুগিজ এই কোচের পরিকল্পনাকে ছাপিয়ে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তাই আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায়ের ঘোষণায় আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন মরিনিও।
আর্জেন্টিনার হয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তিকে স্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে অভিনন্দন জানিয়ে মরিনিও তার বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রশংসা করেন।
৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা অধিনায়ক মেসি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন এই তারকা। ২০০৫ সালে শুরু হওয়া তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রায় দুই দশকের অধ্যায়ের এবার সমাপ্তি ঘটতে যাচ্ছে।
চেলসি ও রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকার সময় মেসির বিপক্ষে নিয়মিত লড়াই করেছেন মরিনিও। তাই মেসির অবসর ঘোষণার পর তাকে অভিনন্দন জানাতে দেরি করেননি এই অভিজ্ঞ কোচ।
মরিনিও বলেন, ‘একটি চমৎকার ও অবিস্মরণীয় আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন। পরের কোপা আমেরিকা এবং পরের বিশ্বকাপ আর আগের মতো থাকবে না।’
আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না বলেও জানিয়েছেন মেসি। তবে জাতীয় দলে নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার প্রয়োজন থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আবেগঘন বিবৃতিতে মেসি বলেন, সময় ফুরিয়ে আসছে এবং একটি অধ্যায়ের ইতি ঘটছে, যা তাকে ভীষণভাবে ব্যথিত করছে। জাতীয় দলের অংশ হতে তিনি ভালোবাসেন এবং চিরকাল ভালোবাসবেন বলেও জানান। নিজের সামর্থ্যের সবটুকু দেওয়ার পর এখন নতুনদের সুযোগ করে দেওয়ার সময় এসেছে বলে মনে করেন আর্জেন্টাইন তারকা।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব পর্যায়ে মেসির সামনে এখনো অনেকটা পথ বাকি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি রয়েছে তার। দুইবারের কোপা আমেরিকাজয়ী মেসি এখন ক্লাব ফুটবলেই নিজের মনোযোগ ধরে রাখতে চান।
মেসিকে ছাড়া ভবিষ্যতের বড় টুর্নামেন্টে নতুন বাস্তবতার মুখোমুখি হতে হবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনাকে। দলের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ককে ছাড়াই বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এগিয়ে যেতে হবে।