খেলা

অবসর নেওয়া মেসিকে রেখেই দল ঘোষণা করল আর্জেন্টিনা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ এএম

অবসর নেওয়া মেসিকে রেখেই দল ঘোষণা করল আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও আর্জেন্টিনার স্কোয়াডে রাখা হয়েছে লিওনেল মেসিকে। সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে মেসিকে রেখেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

গত আগস্টের শেষ দিনে আচমকা আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিদায়ী বার্তায় তিনি জানিয়েছিলেন, জাতীয় দলকে দেওয়ার মতো আর কিছুই নেই তাঁর।

তবে অবসরের ঘোষণা দেওয়ার পরও আসন্ন ম্যাচগুলোর দলে মেসিকে রেখেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেসি শুধু ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটিতে খেলবেন। ম্যাচটি মূলত মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর উদ্দেশ্যেই আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

আর্জেন্টিনার দল

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস, হুয়ান মুসো, হেরোনিমো রুইয়ি।

রক্ষণভাগ: অগাস্তিন গিয়ায়ে, লেয়ান্দ্রো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, হুয়ান ফয়েথ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা।

মধ্যমাঠ: এনসো ফের্নান্দেস, আলেক্সিক মাক আলিস্তার, ভালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুইয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, নিকো পাস।

আক্রমণভাগ: ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মাতিয়াস সৌলে, জিউলিয়ানো সিমেওনে, নিকোলাস গনসালেস, জিয়ানলুকা প্রেসতিয়ান্নি, হোসে মানুয়েল লোপেস, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেস, লাওতারো মার্তিনেস ও লিওনেল মেসি।