খেলা
বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখনো অনিশ্চিত রয়েছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে দৃঢ় অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি বিসিবিকে ভারতের ভেন্যুতে খেলতে উৎসাহিত করেছে।
এ পরিস্থিতিতে ত্রিমুখী লড়াইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিকে একটি চিঠি পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিসিবি শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল।
ক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ইস্যুতে ভেন্যু বা সূচি পরিবর্তনের সম্ভাবনা কম। গত সপ্তাহে বিসিবি ও আইসিসির সর্বশেষ সভাতেও উভয় পক্ষ তাদের অবস্থান অটল রাখে। তাই ২১ জানুয়ারি পর্যন্ত আইসিসি তাদের সিদ্ধান্ত বিবেচনায় রাখার সময়সীমা নির্ধারণ করেছে, যদিও বিসিবি আগেই জানিয়েছে যে বিশ্ব ক্রিকেট সংস্থা তাদের কাছে সুনির্দিষ্ট কোনো ডেডলাইন দেয়নি।
বিশ্বকাপ শুরুর আর বেশি সময় বাকি নেই; ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে মেগা ইভেন্ট। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, লিগ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।