খেলা

টানা চতুর্থবার সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদ রোনালদো


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৫:০২ পিএম

টানা চতুর্থবার সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদ রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

বিশ্বের সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদদের তালিকায় আবারও শীর্ষে উঠেছেন পর্তুগালের ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। যুক্তরাষ্ট্রের ব্যবসাবিষয়ক সাময়িকী ফোর্বসের প্রকাশিত ২০২৬ সালের তালিকায় টানা চতুর্থবার এবং সব মিলিয়ে ষষ্ঠবারের মতো তিনি এই অবস্থান অর্জন করেছেন।

ফোর্বসের তথ্য অনুযায়ী, গত ১২ মাসে কর ও এজেন্ট ফি বাদ দিয়ে রোনালদোর আয় হয়েছে প্রায় ৩০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬৮৩ কোটি টাকা। এর মধ্যে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলার চুক্তি থেকে তিনি পেয়েছেন ২৩ কোটি ৫০ লাখ ডলার। বাকি ৬ কোটি ৫০ লাখ ডলার এসেছে বিজ্ঞাপন, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, লাইসেন্সিং, স্মারক বিক্রি ও অন্যান্য ব্যবসা থেকে।

২০১৬ সালে প্রথমবার ফোর্বসের সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে ওঠেন রোনালদো। এরপর রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে বর্তমানে খেলছেন আল নাসরে। ক্লাব বদলালেও তাঁর আয়ের ধারাবাহিকতায় কোনো প্রভাব পড়েনি।

ফোর্বসের তালিকায় ষষ্ঠবার শীর্ষে উঠে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের রেকর্ড স্পর্শ করেছেন রোনালদো। এ ক্ষেত্রে তাঁর ওপরে আছেন শুধু গলফ কিংবদন্তি টাইগার উডস, যিনি ১১ বার এই তালিকার শীর্ষে ছিলেন।

এবারের আয়ে রোনালদো আরেকটি রেকর্ডেও ভাগ বসিয়েছেন। ৩০ কোটি ডলার আয় করে তিনি মুষ্টিযোদ্ধা ফ্লয়েড মেওয়েদার জুনিয়রের ২০১৫ সালের এক বছরের আয়ের রেকর্ড ছুঁয়েছেন। ফোর্বস ১৯৯০ সালে এই তালিকা প্রকাশ শুরু করার পর এটিই যৌথভাবে সর্বোচ্চ এক বছরের আয়।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকান মুষ্টিযোদ্ধা ক্যানেলো আলভারেজ। তাঁর আয় ১৭ কোটি ডলার। তৃতীয় স্থানে থাকা আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির আয় ১৪ কোটি ডলার।

ফোর্বস জানিয়েছে, এবার শীর্ষ ১০ ক্রীড়াবিদ মিলিয়ে মোট আয় করেছেন প্রায় ১৪০ কোটি ডলার। তালিকায় ১৮টি দেশের এবং আটটি ভিন্ন খেলার ক্রীড়াবিদ জায়গা পেয়েছেন। সবচেয়ে বেশি আধিপত্য ছিল বাস্কেটবলের, যেখান থেকে ২০ জন ক্রীড়াবিদ তালিকায় স্থান পেয়েছেন।