খেলা
মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, মুখ খুললেন পরিবার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তার আবেগঘন কান্নাও ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে জানা যায়, তার বাবা হোর্হে মেসির অসুস্থতাই ছিল সেই আবেগের অন্যতম কারণ।
এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে হোর্হে মেসির মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। আর্জেন্টিনার এক সাংবাদিকের দাবি ঘিরে বিষয়টি আরও আলোচিত হয়। তবে এসব গুজবের জবাবে অবশেষে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে মেসি পরিবার।
গতকাল বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে পরিবার জানায়, ৬৮ বছর বয়সী হোর্হে মেসি বর্তমানে একটি স্বাস্থ্যগত সমস্যার কারণে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে তার মৃত্যু সংক্রান্ত খবর সম্পূর্ণ ভিত্তিহীন।
বিবৃতিতে বলা হয়, “হোর্হে একটি স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। ধীরে ধীরে তিনি সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন।”
তবে তিনি ঠিক কোন রোগে আক্রান্ত, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি পরিবার। একই সঙ্গে তারা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে।
মেসি পরিবারের পক্ষ থেকে বলা হয়, “এই সময়ে আমরা দায়িত্বশীলতা, সতর্কতা ও মানবিকতা প্রত্যাশা করি। একজন মানুষের স্বাস্থ্য এবং তার পরিবারের মানসিক শান্তি জল্পনা-কল্পনা কিংবা দায়িত্বহীন প্রচারণার বিষয় হওয়া উচিত নয়।”
এর আগে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের পর মেসি জানিয়েছিলেন, তিনি ব্যক্তিগত জীবনে কঠিন সময় পার করছেন। তবে তখন তিনি বিস্তারিত কিছু প্রকাশ করেননি। পরে বিভিন্ন প্রতিবেদনে তার বাবার অসুস্থতার বিষয়টি সামনে আসে।
পরিবার আরও জানিয়েছে, হোর্হে মেসির শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য থাকলে সেটি তারা নিজেরাই আনুষ্ঠানিকভাবে জানাবে। ফলে গুজব বা অনির্ভরযোগ্য তথ্যের পরিবর্তে পরিবার থেকে দেওয়া তথ্যের ওপরই গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।